ইরান যুদ্ধে যে সাত কারণে জিততে পারছেন না ট্রাম্প
ইরান যুদ্ধে যে সাত কারণে জিততে পারছেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে এক জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। তিনি চাইলেও এ যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারছেন না। যুদ্ধ ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছে। ট্রাম্পের জন্য এ যুদ্ধের ইতি টানলে যে কৌশলগত ও অর্থনৈতিক পরিণতি হবে, তা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষতির চেয়েও বড় হতে পারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জনসন ও জর্জ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত করেও যেভাবে পরাজিত হয়েছিলেন ট্রাম, এখনো সে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হননি। তবে বিপদের লক্ষণ সর্বত্র দেখা যাচ্ছে।
ইতোমধ্যে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানির পানিপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা দুই সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে ট্রাম্পের দুর্বলতাকেই চিত্রায়িত করে। ইরানের এ পদক্ষেপ দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি থাকলেও সব সমস্যা কেবল শক্তি প্রয়োগ করে সমাধান করা যায় না।
হরমুজ প্রণালি বন্ধ হওয়া ট্রাম্পের সামনে একটি গুরুতর সামরিক ধাঁধা তৈরি করেছে। ইরানের সামরিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল হলেও এ পরিস্থিতিতে প্রণালিটি পুনরায় চালুর চেষ্টা করা মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
ইরান যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল, নতুন এ পরিণতি সেটিকেই ইঙ্গিত করে। কারণ মার্কিন কর্মকর্তারা বহু দশক ধরেই জানতেন, আক্রমণ হলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে।
অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন লরেন্স ব্রেনান সিএনএনকে বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে কোনো বিজয় সম্ভব নয়। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এটি পুনরায় সচল করতেই হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা অত্যন্ত কঠিন, অনেকটা অসম্ভবই বটে।
তিনি আরো বলেন, ট্রাম্প যত দ্রুতই বিজয় প্রত্যাশা করুক না কেন, যুদ্ধের প্রথম কদিনের মধ্যেই বিজয় ঘোষণা করা ঠিক হয়নি। এ সংঘাত আমাদের প্রত্যাশার চেয়েও দীর্ঘায়িত হবে।
এ সংঘাত শুধু তেলের দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় বড় পরিসরে সামরিক বাহিনী মোতায়েনের ঝুঁকি সামনে এনেছে। এর আগে সংঘাতে সাত মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
উত্তেজনা ও নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার গুলির ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে এফবিআই মিশিগানে একটি ইহুদিদের উপাসনালয়ে গাড়ি তুলে দেওয়ার ঘটনাকে “ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত সহিংসতা” হিসেবে বর্ণনা করেছে।
ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানের পরিস্থিতি খুব দ্রুত এগোচ্ছে। সবকিছু খুব ভালো চলছে। আমাদের সামরিক শক্তি অতুলনীয়।

Comments
Post a Comment