কোন ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
জাতীয়
শিগগিরই হাতে হাতে পৌঁছে যাবে ‘ফ্যামিলি কার্ড’
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৩
অনলাইন ডেস্ক
শিগগিরই হাতে হাতে পৌঁছে যাবে ‘ফ্যামিলি কার্ড’
‘ফ্যামিলি কার্ড’
বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম আকর্ষণ হলো ‘ফ্যামিলি কার্ড’। আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই এ কার্ড প্রণয়নের লক্ষ্যে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করার লক্ষ্যে কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায় দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় 'ফ্যামিলি কার্ড' প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন; প্রাথমিক পর্যায় দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় 'ফ্যামিলি কার্ড' প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ; নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা; সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও National Household Database আন্তঃসংযো স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ এবং আসন্ন ঈদুল ফিতরের পূর্বে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করার লক্ষ্যে কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করবে।
এদিকে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

Comments
Post a Comment